Advertisement

মতিঝিলে ককটেল বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আহত

এশিয়া পোস্ট প্রতিবেদক
মতিঝিলে ককটেল বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী আহত
মতিঝিল মেট্রোস্টেশনের নিচে বিস্ফোরিত বস্তু। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে শিক্ষা মন্ত্রণালয়ের অফিস সহকারী মিরাজ আহমেদ (৩৩) আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন।

আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু মো. সামসুল হক জানান, মিরাজ পেশায় শিক্ষা মন্ত্রণালয়ের একজন সরকারি কর্মচারী (অফিস সহকারী)। তিনি বলেন, “আমরা মতিঝিলে মেট্রোরেলের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে মিরাজ আঘাতপ্রাপ্ত হলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।”

তিনি আরও জানান, আহত মিরাজ টাঙ্গাইল জেলার গোপালপুর থানার বেড়াডাকুরি এলাকার রকিবুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে মতিঝিলের আরামবাগের ৬২ নম্বর বাসায় বসবাস করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে আহত হয়ে মিরাজ নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ ফারাবী জানান, মতিঝিল মেট্রো স্টেশনসংলগ্ন সড়কে পড়ে থাকা একটি ছাতার ভেতরে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) পাওয়া যায়।

ডিভাইসটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে ছাতার বোতাম চাপলেই বিস্ফোরণ ঘটতে পারত।

কে বা কারা এটি সেখানে রেখেছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে দায়ী করা হয়নি ‍বলেও জানান তিনি।