logo

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে প্রাণ গেল ২ বন্ধুর

লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াত খেয়ে ঢাকায় ফেরার পথে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া ওভার ব্রিজের নিচে শনিবার (২৪ জানুয়ারি) রাতে এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন কলেজশিক্ষার্থী খাইরুল হোসেন কামরুল (২১) ও তার বন্ধু মো. ইয়াসিন (২৫)।

খাইরুল কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামের মো. হারুনের ছেলে। তিনি রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের একাদশের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। পরিবারের সঙ্গে পূর্ব ভাষানটেক দীন মোহাম্মদ কলোনিতে থাকতেন। 

এ ছাড়া ইয়াসিন লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার চরবংশী গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। তিনিও ভাষানটেক এলাকায় থাকতেন।

খাইরুলের ভগ্নিপতি মো. মোহসীন বলেন, শনিবার সকালে খাইরুল ও তার বন্ধু ইয়াসিন মোটরসাইকেলযোগে লক্ষ্মীপুর বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল। সেখান থেকে ঢাকার বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীতে দুর্ঘটনার শিকার হয়।

স্থানীয়রা জানান, একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তা ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক খাইরুলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মৃত্যু হয় ইয়াসিনের।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।