রাজধানীতে ৪১ চিহ্নিত চাঁদাবাজ গ্রেপ্তার

রাজধানীতে চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত চার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ৪১ চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে ডিএমপি জানায়, চাঁদাবাজির নির্দিষ্ট অভিযোগ ও সংশ্লিষ্টদের কর্মকাণ্ডের ওপর নজরদারির ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ করে ব্যবসাপ্রতিষ্ঠান, পরিবহন খাত ও জনবহুল এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, চাঁদাবাজিসহ যেকোনো অপরাধের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
