বায়ুদূষণে বিশ্বে চতুর্থ স্থানে ঢাকা, শীর্ষে দুবাই

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় রাজধানী ঢাকা চতুর্থ অবস্থানে উঠে এসেছে। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৬০ যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর তালিকায় প্রথমস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে ৮টার লাইভ আপডেটে এসব তথ্য জানায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার।
তালিকায় ১৭৬ একিউআই স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও ১৬১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরাকের বাগদাদ।
তালিকায় ১৬০ স্কোর থাকা ঢাকার পরেই ১৫৬ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা। এরপর ষষ্ঠ থেকে ১০ম স্থানে যথাক্রমে রয়েছে দোহা (১৫১), নমপেন (১৪৮), রিয়াদ (১৩৪), হো চি মিন সিটি (১৩৩) ও দিল্লি (১২০)।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, একিউআই ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা বিপজ্জনক হিসেবে বিবেচিত হয়।
