মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা

এশিয়া পোস্ট প্রতিবেদক
মোহাম্মদপুরে ভবনের একাংশে ধস, দুর্ঘটনার শঙ্কা
মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিন তলা পুরোনো ভবনের একাংশ ধসে পড়েছে। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের আজিজ মহল্লায় একটি তিন তলা পুরোনো ভবনের একাংশ ধসে পড়েছে। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

ধসে পড়ার পর ভবনটি একদিকে হেলে যাওয়ায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার পর আতঙ্কে ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন ভবনের বাসিন্দারা। বর্তমানে ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালের দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। ওই সময় ভবনটি এক দিকে হেলে পড়ে। একই সঙ্গে ভবনটির এক পাশ দিয়ে কিছু অংশ ধসে পড়ে। ঘটনার পর থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো প্রতিনিধিকে ভবনটি পরিদর্শন করতে দেখা যায়নি।

ভবনটির বাসিন্দারা জানান, ভবনটিতে ১২টি পরিবারের বসবাস ছিল। বিকট শব্দে ভবন হেলে পড়ার সময় বাসিন্দারা আতঙ্কে এদিক-সেদিক ছোটাছুটি শুরু করেন। পরে সবাই ভবন থেকে বেরিয়ে নিচে চলে আসেন।

এলাকাবাসীর দাবি, ভবনটি অন্তত ৭০ বছরের বেশি সময়েরও পুরোনো। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউ কোনো ব্যবস্থা নেয়নি। যার কারণে ভবনে ধস ও হেলে পড়ার ঘটনা ঘটেছে। এদিকে রাজউক বা ডিএনসিসির কেউ কোনো পদক্ষেপ নেয়নি। শুধু বিকেলে পুলিশ এসে দেখে চলে গেছে।

এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, ‘ভবনটি ধসে পড়েনি। বিকেল ৩টার দিকে এক পাশের সিঁড়ির কিছু অংশ পড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’