এসআই আলতাব হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টায় প্রধান ৮ আসামি গ্রেপ্তার

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আট আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১০ ও র্যাব-৪-এর পৃথক অভিযানে মুন্সীগঞ্জ ও সাভারের আমিনবাজার এলাকা থেকে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।
র্যাব জানায়, গত ৫ সেপ্টেম্বর রাতে সাভারের বরদেশী এলাকায় একটি অটোরিকশা গ্যারেজের মালিককে মারধরের প্রতিবাদ করলে হামলাকারীদের সঙ্গে এসআই আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুল ইসলামের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এসআই আলতাফ নিজের পরিচয় দিলেও হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
প্রাণ বাঁচাতে বাবা-ছেলে পাশের একটি পোশাক কারখানায় আশ্রয় নিলে হামলাকারীরা আরও ১৫-২০ জন সহযোগীকে সঙ্গে নিয়ে কারখানার গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর অভিযান চালিয়ে মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে এজাহারভুক্ত আসামি আলাউদ্দিন (২৬), আপন (৩০), জিহাদ (২০) ও ইমরান (২৬)-কে গ্রেপ্তার করে র্যাব-১০। গ্রেপ্তার আপনের বিরুদ্ধে সাভার থানায় তিনটি মাদক মামলা রয়েছে। অপরদিকে র্যাব-৪ আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে নূর মোহাম্মদ রুদ্র (২৪), রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪) ও ওয়াসিম (৪০)-কে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


