ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ুদূষণে শীর্ষে কিনশাসা

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা। অন্যদিকে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান ২২ হলেও বায়ুর মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।
বুধবার (৮ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সকাল ৮টা থেকে ৯টার লাইভ তথ্যে এ চিত্র উঠে এসেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ১৮৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে কিনশাসা। এই স্কোরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, যার একিউআই স্কোর ১৫৬। এই শহরের বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, স্কোর ১৩৪; যা ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
এরপরের অবস্থানগুলোতে যথাক্রমে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক (১৩২), পাকিস্তানের লাহোর (১২৯), চিলির সান্তিয়াগো (১২৬), ইন্দোনেশিয়ার মেদান (১২৪), ইসরায়েলের তেল আবিব-ইয়াফো (১২৩), চীনের চেংদু (১১৭) ও ইসরায়েলের জেরুজালেম (১১২)।
অন্যদিকে, আজকের তালিকায় ৭৭ স্কোর নিয়ে ঢাকার অবস্থান ২২তম। একিউআই সূচক অনুযায়ী এই মানটিকে ‘সহনীয়’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের বাতাসকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত ‘সহনীয়’, ১০০ থেকে ১৫০ ‘সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ ও ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ বা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়।




