logo
Advertisement

মিরপুরে অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
মিরপুরে অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ‘শুটার জাকির’ গ্রেপ্তার
মিরপুরে অস্ত্র-গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর মিরপুর এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী ও পেশাদার শুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মিরপুর বিভাগ।

Advertisement

ডিএমপির গোয়েন্দা-মিরপুর বিভাগের একটি আভিযানিক দল বুধবার (২ সেপ্টেম্বর) আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, প্রাথমিক তদন্তে জাকিরকে একজন পেশাদার সন্ত্রাসী ও অস্ত্রধারী শুটার হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি দীর্ঘদিন মিরপুর এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিলেন। পুলিশের তথ্যমতে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি কথিত শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম জয়ের সহযোগী হিসেবে কাজ করতেন। জয়ের মৃত্যুর পর অপরাধীচক্রের আরেক সদস্য তাজকীরের সহযোগী হিসেবে কার্যক্রম চালিয়ে যান বলেও প্রাথমিক তদন্তে জানা গেছে।

গত ৭ জুলাই রাতে মিরপুর মডেল থানার সেনপাড়া পর্বতা এলাকায় আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সিজুকে হত্যার উদ্দেশ্যে গুলি করার ঘটনায় জাকিরের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। ওই ঘটনায় জাকির পালিয়ে গেলেও তার সহযোগী মো. কাওছার ভুইয়া ওরফে শান্ত ওরফে এসবি (২৪)-কে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টাসহ একটি এবং অস্ত্র আইনে আরেকটি—মোট দুটি মামলা দায়ের করা হয়। মামলা দুটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত জাকিরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।