আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ২৫ কর্মকর্তাকে বিশেষ প্রশিক্ষণ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের নবনিযুক্ত ২৫ সিনিয়র অফিসারকে গ্রামীণ অর্থনীতি সচল রাখা, তৃণমূল মানুষের কাছে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং ঋণ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের অপস্ কনফারেন্স রুমে এ বিশেষ ক্লাস শুরু হয়। ৯০ মিনিটের এ প্রশিক্ষণ সেশন শেষ হয় দুপুর ১টায়। এতে ব্যাংকের সদ্য যোগদানকৃত ২৫ জন সিনিয়র অফিসার অংশ নেন।
প্রশিক্ষণে মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে হবে। বিশেষ করে আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পাশাপাশি সেবার মানও নিশ্চিত করতে হবে।
তিনি আনসার ও ভিডিপি সদস্যদের আর্থিক নিরাপত্তা ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে ব্যাংকের কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রশিক্ষণে গ্রামীণ ও ক্ষুদ্র উদ্যোগে যথাসময়ে ঋণ বিতরণ, দক্ষতার সঙ্গে ঋণ আদায় এবং তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবার বিস্তৃতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সঞ্জীবন প্লাটুনের সদস্যদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করতে ব্যাংকিং সহায়তার বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন ব্যাংকের চেয়ারম্যান।
বিশেষ ক্লাসের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে কাজে লাগিয়ে ব্যাংকের সেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে আর্থিক সেবা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দক্ষ, সৎ ও জনবান্ধব ব্যাংকার তৈরির মাধ্যমে তৃণমূল পর্যায়ে আধুনিক ব্যাংকিং সেবা আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ বিশেষ প্রশিক্ষণ সেশনের আয়োজন করা হয়।
