বঙ্গভবন মোড়ে ‘বোমা’ আতঙ্ক, সন্দেহজনক ব্যাগে মিলল পচা ফল

রাজধানীর গুলিস্থানে বঙ্গভবন মোড় এলাকায় পরিত্যক্ত একটি ব্যাগ ঘিরে তৈরি হওয়া ‘বোমা’ আতঙ্কের অবসান ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘিরে রাখা ব্যাগটি পরীক্ষা করে কোনো বিস্ফোরক বা ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। ব্যাগটির ভেতর পচা ফল ছিল বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে পথচারী ও স্থানীয়দের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল। নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে ব্যাগটির আশপাশ ঘিরে ফেলে সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয় এবং বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বিশেষ সতর্কতার সঙ্গে ব্যাগটি তল্লাশি ও পরীক্ষা-নিরীক্ষা চালান। পরীক্ষার পর দেখা যায়, ব্যাগের ভেতরে থাকা বস্তুটি কোনো বোমা বা বিস্ফোরক নয়, তা কেবলই কিছু ফেলে দেওয়া পচা ফল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, এলাকাটিতে সাময়িক আতঙ্ক সৃষ্টি হলেও ব্যাগ থেকে কোনো ক্ষতিকর বা ঝুঁকিপূর্ণ সামগ্রী মেলেনি। বর্তমানে বঙ্গভবন মোড় এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং যানবাহন ও জনচলাচল আগের মতো স্বাভাবিক করা হয়েছে।
