নির্মাণাধীন ভবন থেকে সাড়ে তিন কোটি টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকা থেকে প্রায় ৩ কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার (২২ আগস্ট) রাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন পাগলার একটি দল আরমানিটোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে বিপুল নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়।
পরবর্তীতে সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ করা পলিথিনের পরিমাণ ২৪ হাজার ২০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা। অভিযানের সময় পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা পলিথিনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কোস্টগার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


