উত্তরখানে ১৬৮ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর উত্তরখানের একটি বাসা থেকে ১৬৮ বোতল ফেনসিডিলসহ তহরুল ইসলাম নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরখানের মাজার তালতলার কামরুল ইসলামের ভাড়া বাড়ি থেকে বুধবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারি হলেন চাঁপাইনবাবগঞ্জের শীবগঞ্জ উপজেলার কালিগঞ্জ সদর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মাজার তালতলা এলাকার ওই বাড়িতে ভাড়া থাকেন।
এ বিষয়ে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, মাজার তালতলার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১৬৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরখানসহ ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিলেন।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি হাবিব।






