বিশ্বে বায়ুদূষণে দিল্লি শীর্ষে, ঢাকার অবস্থা কত

বিশ্বজুড়ে বায়ুদূষণ পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত বায়ুর প্রধান শহরগুলোর তালিকায় রাজধানী ঢাকা ১০ নম্বরে অবস্থান করছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টায় প্রকাশিত সূচকে দেখা যায়, ঢাকার বায়ুমান সূচক বা একিউআই স্কোর ১০২। বায়ুমানের এই মাত্রাটি বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টজনিত রোগীদের মতো ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
তালিকায় বরাবরের মতো সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ২৪৬ স্কোর নিয়ে শহরটি বায়ুদূষণে শীর্ষে অবস্থান করছে, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের। তালিকার দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে চীনের চেংডু (১৬৪) ও ইন্দোনেশিয়ার মেদান (১৫২)।
এ ছাড়া ১৫২ স্কোর নিয়ে চীনের রাজধানী বেইজিং চতুর্থ ও ১২০ স্কোর নিয়ে থাইল্যান্ডের চিয়াং মাই শহর পঞ্চম স্থানে রয়েছে। তালিকার পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে চীনের হাংঝু, নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের লাহোর ও চীনের উহান। আর ১০২ স্কোর নিয়ে ঢাকা তালিকার দশম স্থানে অবস্থান করছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে মাঝারি বা গ্রহণযোগ্য মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর মধ্যে আছেন বয়স্ক, শিশু, অসুস্থ ব্যক্তি ও অন্তঃসত্ত্বা। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা অস্বাস্থ্যকর বাতাস। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ ধরা হয়।