দক্ষিণখানে গৃহবধূ খুন: স্বামীকে গ্রেপ্তারের পর ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর দক্ষিণখানে দন্তচিকিৎসক সারাহা রোকসানা পিনু (৪২) হত্যা মামলায় তার স্বামী সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা ৭ নম্বর সেক্টরে অবস্থিত নিজ কর্মস্থল থেকে তাকে আটকের পর রোববার (২ আগস্ট) আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে দক্ষিণখান ফায়দাবাদের সারা কটেজে জানালার গ্রিল কেটে সারা রোকসানা পিনু নামের এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটে। ওই সময় বাসা থেকে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুট করে নেওয়া হয়। নিহত রোকসানা দক্ষিণখানের জামতলা পুলিশ ফাঁড়ি এলাকার সোহেল রানার স্ত্রী। এই তারা এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন।
হত্যার ঘটনার দিন নিহতের স্বামী সোহেল রানা এশিয়া পোস্টকে বলেন, আমি ডেভেলপার কোম্পানিতে চাকরি করি। বেলা ১১টার দিকে মেয়েকে স্কুলে দিয়ে আমি কর্মস্থলে যাই। পরে আমার মেয়ে স্কুল থেকে বাসায় ঢুকে তার মাকে বিছানায় পড়ে থাকতে দেখে। ঘটনার মধ্যবর্তী সময়ে আমার মেয়ে স্কুলে ছিল। আর ছেলে বাসার বাইরে ছিল। বাসায় আমার স্ত্রী একাই ছিলেন। খবর পেয়ে আমি বাসায় এসে সব মালামাল এলোমেলো অবস্থায় পাই। হত্যাকারী আমার স্ত্রীর স্বর্ণালংকার ও টাকাপয়সাও লুট করেছে।
ওই সময় নিহত রোকসানার তৃতীয় শ্রেণিপড়ুয়া মেয়ে হাসিন ওয়ামী ঘটনার বর্ণনা দিয়ে এশিয়া পোস্টকে বলেছিলেন, আমি বাসায় ঢুকে গেট খোলা পেয়ে রুমে ঢুকি। রুমের ঢুকার পর আমার মাকে অচেতন অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখি। ওই সময় আমার মায়ের মুখে একটি বালিশ ছিল। পরে গেস্ট রুমের জানালার গ্রিল কাটা দেখতে পাই। তারপর আমি ভাড়াটিয়াদের কাউকে না ডেকেই দৌড়ে স্কুলে গিয়ে প্রধান শিক্ষককে জানাই। পরে শিক্ষকসহ অন্য লোকজন এসে মাকে মৃত অবস্থায় পায়। এ সময় বাবাকে জানাই।
.png)

