লালবাগে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর লালবাগ থানার নিউ পল্টন লাইন এলাকার একটি বাসা থেকে মো. তানজিল হোসেন (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ওই বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার (৩ জুন) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তানজিল হোসেন নিউ এলিফ্যান্ট রোডের ৫৩/১ নম্বর বাসার বাসিন্দা মোহাম্মদ রাজনের ছেলে। তিনি বর্তমানে লালবাগের নিউ পল্টন লাইনের ১৫২/৬ নম্বর বাসায় ভাড়া থাকতেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিউ পল্টন লাইনের একটি বাসার দ্বিতীয় তলা থেকে ঝুলন্ত অবস্থায় তানজিলের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়।
তিনি জানান, স্বজনদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, এক তরুণীর সঙ্গে তানজিলের প্রেম ছিল। সম্পর্ককে কেন্দ্র করে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরিবারের সদস্যদের ধারণা, এর জেরে নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তানজিল।
মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে লালবাগ থানা পুলিশ।
