logo

জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে মানবিক সমাজ গড়ার আহ্বান
‘সমন্বিত চিন্তাধারা’ শীর্ষক মতবিনিময় সভায় অতিথিরা। ​শনিবার রাজধানীর উত্তরায়। ছবি: এশিয়া পোস্ট

জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধের সমন্বয়ে একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষাবিদরা। তারা বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। টেকসই অগ্রগতির জন্য এর সঙ্গে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের চর্চা অপরিহার্য।

​শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ড্রিম জেনারেশন কনফারেন্স হলে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। ‘সমন্বিত চিন্তাধারা’ শীর্ষক এই সভার আয়োজন করে ইউনিভার্সিটি স্টাডি ফোরাম (ইউএসএফ), ঢাকা মহানগরী উত্তরের নর্দান-সাউর্দান জোন।

​সভায় প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি বলেন, শুধু পেশাগত দক্ষতা দিয়ে একটি জাতি এগিয়ে যেতে পারে না। বিশ্ববিদ্যালযগুলোকে শুধু সনদ দেওয়ার কেন্দ্র না বানিয়ে জ্ঞানচর্চা ও ইতিবাচক চিন্তার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

​বিশেষ অতিথির বক্তব্যে ইউএসএফের উপদেষ্টা মাহফুজুর রহমান বলেন, সামাজিক নানা সংকট মোকাবিলায় শিক্ষাঙ্গন ও নাগরিক সমাজের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা জরুরি। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী ও নাগরিক সমাজের নিয়মিত আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

​অন্যতম বিশেষ আলোচক প্রফেসর আসদুস সালাম আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার সঙ্গে মূল্যবোধের সমন্বয়কে টেকসই উন্নয়নের চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন। শিক্ষার্থীদের উদ্ভাবন ও গবেষণায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

​অন্যান্য বক্তারা তরুণ প্রজন্মকে নৈতিক নেতৃত্বের জন্য প্রস্তুত করতে নিয়মিত পাঠচক্র, মতবিনিময় ও জ্ঞানচর্চামূলক কর্মসূচি আয়োজনের ওপর জোর দেন। যুক্তিবোধ ও মানবিকতার বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তারা।

​ইউএসএফ ঢাকা মহানগরী উত্তরের নর্দান-সাউদার্ন জোনের সভাপতি ড. একরাম উদ্দিনের (সুমন) সভাপতিত্বে সভার সঞ্চালনা করেন জোনের সেক্রেটারি মো. রুহুল আমিন বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন ইউএসএফ উপদেষ্টা প্রফেসর আসদুস সালাম, বিশেষ আলোচক জিয়াউল হাসান ও প্রফেসর এ বি এম ফজলুল করিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

​আলোচনা পর্ব শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথিরা।