উত্তরায় বিএনপি নেতাকর্মীদের হাতে নরসিংদীর আ.লীগের কাউন্সিলর আটক

রাজধানীর উত্তরায় বিএনপির নেতাকর্মীদের হাতে নরসিংদীর কাউন্সিলর মো. জুলহাস মিয়া আটক হয়েছেন। পরবর্তীতে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উত্তরা ১২ নম্বর সেক্টর পার্কের সামনে থেকে তাকে আটক করে বিএনপির নেতাকর্মীরা। আটকের পর তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটককালে সেখানে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা কৃষক দলের সদস্য সচিব নুর ইসলাম। তিনি এশিয়া পোস্টকে বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নরসিংদীরর ঘোড়াশাল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও পলাশ থানা আওয়ামী লীগের সহ সভাপতি জুলহাস মিয়া উত্তরায় আত্মগোপনে ছিল। পরবর্তীতে তাকে টানা ছয় মাস খোঁজাখুঁজির পর উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে আমরা ধরতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, ওই সময় আমার সাথে উত্তরা পশ্চিম থানা শ্রমিকদল ও বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আটকের পর তাকে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে ওসি খালিদ মুনসুর এশিয়া পোস্টকে বলেন, গ্রেপ্তার হওয়া জুলহাস মিয়া উত্তরা পশ্চিম থানার একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এক প্রশ্নের জবাবে ওসি খালিদ বলেন, গ্রেপ্তার হওয়া নরসিংদীর কাউন্সিলর জুলহাসের বিরুদ্ধে পলাশ থানাতেও দুটি হত্যা মামলা রয়েছে।
