logo
Advertisement

ফ্রি ফায়ার খেলা নিয়ে মায়ের সঙ্গে অভিমান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এশিয়া পোস্ট প্রতিবেদক
ফ্রি ফায়ার খেলা নিয়ে মায়ের সঙ্গে অভিমান, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর পল্টন মডেল থানার চামেলীবাগ এলাকায় তাশফিকুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে চামেলীবাগের একটি বাসার দ্বিতীয় তলা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে অচেতন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মোহাম্মদ মাসুদ জানান, তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। পরিবারের দাবি, সে মোবাইল ফোনে ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিল। এ নিয়ে তার মা মোবাইল ফোনটি নিয়ে নিলে অভিমান করে নিজের কক্ষে চলে যায় তাশফিকুল।

পরে পরিবারের সদস্যরা তাকে কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জানান, তাদের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর গ্রামে। বর্তমানে তারা পল্টনের চামেলীবাগের ৩৬ নম্বর বাসার দ্বিতীয় তলায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।