logo
Advertisement

আ ন ম আয়াসকে প্রাণনাশের হুমকির অভিযোগ সেই ইমির বিরুদ্ধে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
আ ন ম আয়াসকে প্রাণনাশের হুমকির অভিযোগ সেই ইমির বিরুদ্ধে
বাঁ থেকে আ ন ম আয়াস ও এস কে তাসনিম আফরোজ ইমি। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) সভাপতি ও জুলাই সংগঠক আ ন ম আয়াসকে পঙ্গু করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা অভিযোগটি দায়ের করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হওয়া এস কে তাসনিম আফরোজ ইমি ফেসবুক আইডি থেকে তাকে পঙ্গু করার হুমকিসংবলিত পোস্ট করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় দু’মাস জেল খাটার পর বর্তমানে জামিনে আছেন এস কে তাসনিম আফরোজ ইমি।

এদিকে, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন শাহবাগ থানা উপ-পরিদর্শক মো. হাসান। এশিয়া পোস্টকে তিনি বলেন, বুধবার রাতে বিষয়টি নিয়ে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) ওই অভিযোগে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থী হয়ে ৬৮ ভোট পাওয়া এস কে তাসনিম আফরোজ ইমি তার ফেসবুক আইডি থেকে রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) সভাপতি আ ন ম আয়াসকে পঙ্গু করার হুমকিসংবলিত পোস্ট করেছেন। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে তাঁকে প্রতিণিয়ত বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, এস কে তাসনিম আফরোজ ইমি নিষিদ্ধ আওয়ামী লীগের অর্থায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ রয়েছে। ইতোপূর্বে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে কার্যক্রম পরিচালনার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার হয়ে দুই মাস জেল খাটেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।

এই প্রতিবেদন লেখার সময় দেখা যায় এস কে তাসনিম আফরোজ ইমির ভেরিফায়েড ফেসবুক পেজে গত ১০ সেপ্টেম্বর আ ন ম আয়াসের ছবি জুড়ে দিয়ে লিখেছেন, এই ক্রিমিনাল অফেন্ডারকে (অপরাধী বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তি) কেউ পঙ্গু করে দিতে পারলে আমি তাকে সগর্বে এন্ড্রোস করব। সেলিব্রেট করব। জঙ্গিরা অনেক নাঙ্গা নাচ দেখিয়েছে গত দুই বছর। এইবার থামাইতে হবে এদেরকে।

আ ন ম আয়াস এশিয়া পোস্টকে বলেন, ফেসবুক পোস্টে প্রকাশ্যে মৃত্যুর হুমকি দেয়ার পর থেকে বিভিন্ন লোকজনকে দিয়ে তাকে হুমকি দিচ্ছে অভিযুক্ত তাসনিম আফরোজ ইমি। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান। এ ব্যাপারে এশিয়া পোস্টের পক্ষ থেকে এস কে তাসনিম আফরোজ ইমির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তাকে কয়েকবার ফোন দেওয়া হয়।

রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ) লিখিত ওই অভিযোগে আরও বলা হয়েছে, প্রতিদিন খবর২৪ নামের একটি ফেসবুক পেজ থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষে বিভিন্ন বক্তব্য ও পোস্ট প্রচার, বর্তমান প্রধানমন্ত্রীকে কটাক্ষ, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অবমাননা এবং রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ষড়যন্ত্রমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।

উক্ত পেজের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যা তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রসংলাপ ফোরাম (এসডিএফ)-এর পক্ষ থেকে উল্লিখিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রমাণের ভিত্তিতে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

একই সঙ্গে সংগঠনের সভাপতি আ ন ম আয়াসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানায় রাষ্ট্রসংলাপ ফোরামের (এসডিএফ)।