ঢাকায় ব্যবসায়ীকে গুলি, ১৭ হাজার টাকা ছিনতাই

রাজধানীর মিরপুর-১২ নম্বরে মো. হোসেন দিপু (৪৫) নামে এক মুদি ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে পল্লবী থানা এলাকায় এ ঘটনা ঘটে।
দিপুর স্ত্রী আফরোজা বলেন, বাসার সামনে তিন মুখোশধারী মোটরসাইকেলে এসে আমার স্বামীকে বাম পায়ের হাঁটুর ওপরে গুলি করে। এ সময় তার কাছে থাকা ১৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, দিপুর চিৎকার শুনে আমরা বাসা থেকে বেরিয়ে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাই। ওখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পল্লবী থেকে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢামেকে এসেছে। তার বাম পায়ের হাঁটুর ওপরে এক রাউন্ড গুলি লেগেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।