logo

কোকেনসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

কোকেনসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর গুলশান ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযানে ৪৫০ গ্রাম কোকেনসহ সাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (৫ এপ্রিল) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে ডিবির লালবাগ বিভাগের একটি জোনাল টিম অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. মিলন মোল্লা (৪০), মো. মেহেদী হাসান ওরফে সম্রাট (২৬), মো. তরিকুল ইসলাম (৩২), মো. ফাহিম আশরাফ (৩৫), মো. রাকিব হোসেন (৪৫), মো. শহিদুল ইসলাম (৫৫) ও মো. আওয়াল তালুকদার (৪৮)।

ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে গুলশান-২ এলাকার ডিএনসিসি মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১০০ গ্রাম কোকেনসহ মিলন, মেহেদী, তরিকুল ও ফাহিমকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ১২টার দিকে মোহাম্মদপুর থানার সলিমুল্লাহ রোড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ৩৫০ গ্রাম কোকেনসহ রাকিব, শহিদুল ও আওয়ালকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ একটি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন এলাকা থেকে কোকেন সংগ্রহ করে রাজধানীর অভিজাত এলাকাসহ বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করতেন তারা। গুলশানসহ রাজধানীর উচ্চবিত্ত এলাকা তাদের প্রধান টার্গেট ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিবি।