logo

পুলিশের গাড়িতে আগুনের স্বীকারোক্তি ফেসবুকে, যুবক গ্রেপ্তার

পুলিশের গাড়িতে আগুনের স্বীকারোক্তি ফেসবুকে, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার রাজিব চন্দ্র দাস। ছবি: ডিএমপি

রাজধানীর মিরপুরে পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় ফেসবুকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে গ্রেপ্তার হয়েছে রাজিব চন্দ্র দাস (২৯)।

রোববার (১ নভেম্বর) মধ্যরাতে উত্তরা ৯ নম্বর সেক্টরের ১নং সড়কের ৫৫ নম্বর বাসা (প্যারাগন মাঠ) থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সোমবার (২ নভেম্বর) সকালে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর এশিয়া পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এশিয়া পোস্টকে বলেন, মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের স্বীকারোক্তি ফেসবুকে পোস্টকারী রাজিব চন্দ্র দাসকে উত্তরা ৯ নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি খালিদ মুনসুর।

গ্রেপ্তার হওয়া রাজিব চন্দ্র দাস শরীয়তপুরের ৪নং ওয়ার্ডের তুলাসার এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি উত্তরায় থাকেন।