logo

ডিএমপির বিশেষ ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৯০০

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ডিএমপির বিশেষ ও নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৯০০
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লোগো। ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ ও নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব অভিযানে আটটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) পৃথক দুটি বিজ্ঞপ্তিতে ডিএমপি এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়া এলাকায় ডিএমপির বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালানো হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, গত মঙ্গলবার থানাগুলোর নিয়মিত অভিযানের পাশাপাশি বিশেষ অভিযানে মোহাম্মদপুর, আদাবর, পল্লবী ও গেন্ডারিয়া এলাকা থেকে মোট ৪৪১ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে আটটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশসহ ডিএমপির বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডিএমপির নিয়মিত অভিযানে আরও ৫৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪২টি মামলা দায়ের করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, নিয়মিত অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ৫৬ জন, ওয়ারী বিভাগে ৬৬ জন, মতিঝিল বিভাগে ৫৯ জন, তেজগাঁও বিভাগে ৬৩ জন, মিরপুর বিভাগে ১৭৫ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪৫ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ৩ জনকে গ্রেপ্তার করেছে।

নিয়মিত অভিযানে ৯ কেজি গাঁজা, ৬ হাজার ২২০ পিস ইয়াবা, ৪ গ্রাম হেরোইন, ২ বোতল বিদেশি মদ, বিস্ফোরিত ককটেলের টুকরা-পেরেক, ১৪টি মোবাইল ফোন ও নগদ ১৬ হাজার ২৮০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।