Advertisement

শয়নকক্ষ থেকে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২

এশিয়া পোস্ট প্রতিবেদক
শয়নকক্ষ থেকে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার দুই গৃহকর্মী ও উদ্ধার হওয়া স্বর্ণালঙ্কার। ছবি: এশিয়া পোস্ট

রাজধানীর শাহআলী এলাকায় একটি বাসার আলমারি থেকে ১২ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় গৃহকর্মীসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গৃহকর্মী মধুমালা বেগম (৩৮) ও বানু বেগম (৭৬)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শাহআলীর জি ব্লকের ২ নম্বর সড়কের ৯ নম্বর বাসা এবং মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও ৩ ভরি ওজনের ইমিটেশন গয়না।

এর আগে মঙ্গলবার দুপুরে মুহাম্মদ সাখাওয়াত হোসেন চৌধুরী বাদী হয়ে স্বর্ণালংকার চুরির অভিযোগে শাহআলী থানায় একটি মামলা করেন।

গ্রেপ্তার মধুমালা বেগম মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার ধামারন গ্রামের আরশাদ শেখের স্ত্রী এবং বানু বেগম লৌহজং উপজেলার গাওদিয়া গ্রামের মৃত ফজল সরদারের স্ত্রী।

এ বিষয়ে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম এশিয়া পোস্টকে বলেন, শাহআলীর জি ব্লকের একটি বাসার তৃতীয় তলার শয়নকক্ষের আলমারি থেকে সোমবার (২৭ জুলাই) সকালে ১২ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এ ঘটনায় সাখাওয়াত হোসেন চৌধুরী বাদী হয়ে পেনাল কোডের ৩৮১ ধারায় মামলা করলে তদন্তের দায়িত্ব পান এসআই মো. শরিফুল ইসলাম। ঘটনার পর থেকেই গৃহকর্মী মধুমালা পলাতক ছিলেন।

ওসি আরও জানান, তদন্তের একপর্যায়ে প্রথমে এজাহারভুক্ত আসামি মধুমালা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বানু বেগমকে গ্রেপ্তার করা হয়। বানু বেগমের কাছ থেকে চুরি যাওয়া প্রায় ৯ ভরি স্বর্ণালংকার ও ৩ ভরি ইমিটেশন গয়না উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।