অস্বাস্থ্যকর ড্রামে তেল বিক্রি, ৯৫ প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর ও অনিরাপদ ড্রামে খোলা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩টি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া খাবার রং হিসেবে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী রং বিক্রির দায়ে আরেকটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অভিযান চালিয়ে মোট ৯৫টি প্রতিষ্ঠানকে ১১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে অধিদপ্তর। অধিদপ্তরের ৫০টি দল এ অভিযান পরিচালনা করে।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক তাহমিনা বেগমের নেতৃত্বে রাজধানীর শাহ আলী, মিরপুর-১, নতুন বাজার ও কল্যাণপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর ড্রামে ভোজ্যতেল সংরক্ষণের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কল্যাণপুরের নতুন বাজারে মেসার্স নিউ ইউসুফ খাদ্য স্টোরে শিল্পকারখানায় ব্যবহারের রং খাবারের রং হিসেবে বিক্রির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই রং জব্দ করা হয়।
অধিদপ্তর জানায়, খোলা ভোজ্যতেল বিক্রিতে অস্বাস্থ্যকর পাত্রের ব্যবহার বন্ধ করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও অতিরিক্ত দাম আদায় ঠেকাতে দেশব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যবসায়ীদের খোলা ভোজ্যতেল সংরক্ষণ ও বিক্রিতে নিরাপদ পাত্র ব্যবহার এবং তেলের পাত্রে প্রয়োজনীয় তথ্যসংবলিত লেবেল প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও সরবরাহ, সঠিক ওজন নিশ্চিত করা এবং পণ্যের কৃত্রিম সংকট ও অযৌক্তিক মজুত না করার বিষয়ে সতর্ক করা হয়।


