মাদকসহ হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট গ্রেপ্তার

ঢাকা ও আশপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ কথিত হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাটকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তারকৃতরা হলেন— হোসনে আরা বেগম ও মো. ইদ্রিস।
রোববার (৫ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোর (উত্তর) উপপরিচালক শামীম আহম্মেদ।
এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার ৫০০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম হিরোইন, মাদক বিক্রির নগদ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হোসনে আরা বেগম জানান, যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজধানীর দয়াগঞ্জসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। অন্যদিকে মো. ইদ্রিস কুমিল্লা সীমান্ত দিয়ে ইয়াবা এনে নারায়ণগঞ্জের চনপাড়া ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ সব মাদক ভারত সীমান্ত থেকে সংগ্রহ করে হুন্ডির মাধ্যমে অর্থ পরিশোধ করা হত। উদ্ধারকৃত মাদকের স্থান ভিন্ন হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।