রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি ইফতেখার চৌধুরী সজীবকে (৩৩) গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর লালবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টার দিকে নিউ পল্টন লাইন এলাকায় অভিযান চালায় ডিএমপির লালবাগ থানা পুলিশ।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার সজীব ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি, সাবেক পরিবেশবিষয়ক উপসম্পাদক এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটির সাবেক সমন্বয়ক ছিলেন।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন তিনি। লালবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
