logo

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে ‘কুশ’ মাদক বিক্রি করত তারা

ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে ‘কুশ’ মাদক বিক্রি করত তারা
ছবি: সংগৃহীত

রাজধানী ভাটারার বসুন্ধরা এলাকা থেকে ১ কেজি ১৫ গ্রাম কুশসহ (হাইব্রিড গাঁজা) দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভাটারা থানাসহ বিভিন্ন জায়গায় কুশ মাদক বিক্রি করে আসছিল।

রোববার (৭ জুন) বিকেলে র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড মিডিয়া অফিসার) মো. মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

গ্রেপ্তার দুজন হলেন, ফেনীর সদর থানার পাঁচগাছিয়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের ছেলে এনামুল হোসেন এবং নওগার সাপাহার এলাকার মো. মনিরুজ্জামান লিটনের ছেলে আরফান আহমেদ সামির।

মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বসুন্ধরার সেভেন স্টার সুপার শপের সামনের রাস্তায় শনিবার রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। এ সময় ১৫ গ্রাম কুশসহ এনামুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে রাত ১১টার দিকে বসুন্ধরার জে ব্লকের ৪ নং সড়কের ২৩৭ নম্বর বাসার সপ্তম তলায় অভিযান চালিয়ে ১ কেজি কুশসহ আরফান আহমেদ সামিরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি ডিজিটাল স্কেল, মাদক বিক্রির প্রায় ৪ লাখ টাকা, মালয়েশিয়ান ৬০ রিংগিত, ২১ ইউএস ডলার ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয় বলে জানান তিনি।

ইমরান সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাবাদে জানা গেছে, তারা দেশের বিভিন্ন এলাকা থেকে কুশ কিনত। পরে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম যেমন—ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ইনস্টাগ্রাম ইত্যাদি ব্যবহার করে মাদক বিক্রি করত। তারা পেশাদার মাদক কারবারি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।