logo

ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে
গ্রেপ্তারের পর ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসান। ছবি: এশিয়া পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালত এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ওসি রাকিবুলকে গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এশিয়া পোস্টকে জানান, বৃহস্পতিবার গ্রেপ্তারের পর ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার নেপথ্যের বিষয়গুলো উদ্‌ঘাটনে তাকে সাত দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় গত ১৭ সেপ্টেম্বর ডিএমপি কমিশনারের সই করা এক অফিস আদেশে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।

ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল ইসলামের কথোপকথন শোনা যায়।

যদিও ওই অডিওটি নিয়ে নিজের ফেসবুক পোস্টে ওসি রাকিবুল দাবি করেছিলেন, ভাইরাল অডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।