logo

‘আগে পে-স্কেল, তারপর নির্বাচন’

‘আগে পে-স্কেল, তারপর নির্বাচন’

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে সরকারি কর্মচারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করেন। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখে অবস্থান নেন তারা। এ সময় বিভিন্ন স্লোগন দেন সরকারি চাকরিজীবীরা।

আন্দোলনকারী একজন বলেন, আগে পে-স্কেল, তারপর নির্বাচন। নবম পে-স্কেলের গেজেট দিতে হবে। আমার পেটে ভাত নেই, আমার সন্তান ভাত খেতে পারে না। এই বেতন দিয়ে আমরা কীভাবে চলব? অপ্রয়োজনে এই কমিশন গঠন করে আমাদের আজ মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এত টাকা নষ্ট করার কোনো দরকার ছিল না।

সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হচ্ছে। পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ১ জানুয়ারি থেকে কার্যকরের দাবি জানিয়েছেন তারা।

এর আগে দাবি আদায়ে টানা তিন দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন সরকারি কর্মচারীরা। পরে বৃহস্পতিবার চার ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন তারা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার শহীদ মিনার থেকে মিছিল বের করেন তারা।