আদাবরে পরপর ৪ ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক চার

রাজধানীর আদাবরে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ছাড়া হাতিরঝিল থানার মগবাজার এলাকায় চেকপোস্টে ককটেল মারার সময় চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে আদাবরের টোকিও স্কয়ারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সাড়ে ৯টার দিকে মগবাজারের চেকপোস্টে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই সময় আদাবরে টোকিও স্কয়ারের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে রাত সাড়ে ৯টায় মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপ করার চেষ্টাকালে চারজনকে আটক করা হয়েছে বলে জানান ইবনে মিজান।

