logo

বায়ুদূষণে ঢাকার অবস্থান ষষ্ঠ, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই

বায়ুদূষণে ঢাকার অবস্থান ষষ্ঠ, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই

বিশ্বের দূষিত শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে রাজধানী ঢাকা। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে ৯টার লাইভ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী, ঢাকার স্কোর ১৪২, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

১৮০ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। দ্বিতীয় স্থানে ভিয়েতনামের হ্যানয় (১৭৩), তৃতীয় ইন্দোনেশিয়ার জাকার্তা (১৬০) ও চতুর্থ স্থানে রয়েছে ভারতের দিল্লি (১৫৬)। এই শহরগুলোর বায়ুর মান সরাসরি ‘অস্বাস্থ্যকর’ স্তরে রয়েছে। এ ছাড়া ১৪৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ (১৪৭)।

ঢাকার পরবর্তী অবস্থানে থাকা শহরগুলোর মধ্যে রয়েছে— চীনের উহান (১৩২), পাকিস্তানের লাহোর (১২৭), কাতারের দোহা (১১৭) ও বাহরাইনের মানামা (১১৫)।

মূলত একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।