আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইন প্রতারণা ও তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার মো. বখতিয়ার আবিদ খানের (২১) বিরুদ্ধে ভুয়া টিকিটের বিজ্ঞাপন প্রচার এবং তা অপসারণের বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবি করার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
শনিবার (১৮ জুলাই) সিআইডির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ জুলাই পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অবস্থিত ‘ক্রিকেটার্স একাডেমি’তে আতিফ আসলামের কনসার্টের আয়োজন করেছে ‘ইভেন্ট সাজাই’ ও ‘মেইন স্টেজ ইনক’। কনসার্টের অফিশিয়াল টিকিট বিক্রির জন্য আয়োজক প্রতিষ্ঠানগুলো ‘গেটমাইটিকেট ডট লাইভ’-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গত ৮ জুলাই থেকে ‘মেইন স্টেজ ইনক’-এর ফেসবুক পেজে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে।
প্রচারণা চলাকালে আয়োজকদের নজরে আসে, ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ নামের একটি ফেসবুক গ্রুপে বিভিন্ন আইডি থেকে পূর্বে বাতিল হওয়া একটি কনসার্টের টিকিটের ছবি ব্যবহার করে আতিফ আসলামের আসন্ন কনসার্টের ভুয়া টিকিট বিক্রির বিজ্ঞাপন ও পোস্ট প্রকাশ করা হচ্ছে।
অভিযোগে বলা হয়, বিষয়টি নিয়ে গ্রুপটির অ্যাডমিন ‘একে আবিদ খান’-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতারণামূলক পোস্টগুলো অপসারণের পরিবর্তে উল্টো এক লাখ টাকা দাবি করেন। দাবি করা টাকা না দিলে তিনি এ ধরনের পোস্টের অনুমোদন অব্যাহত রাখবেন এবং কনসার্ট আয়োজক প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক ক্ষতি ও সুনামহানির চেষ্টা করবেন বলে হুমকি দেন।
এ ঘটনায় কনসার্টের অন্যতম আয়োজক নিশা মাহবুবা সালাম বাদী হয়ে গত ১৫ জুলাই রাজধানীর পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১(২), ২২(২) ও ২৭(২) ধারায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্তভার গ্রহণের পর সিআইডি উন্নত তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরবর্তীতে গত ১৬ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে মো. বখতিয়ার আবিদ খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত একটি আইফোন-১১ মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেছেন যে, তিনি ‘বাংলাদেশ কনসার্ট অ্যান্ড ইভেন্ট কানেক্টস (বিসিইসি)’ ফেসবুক গ্রুপের মূল অ্যাডমিন এবং তার ব্যবহৃত ফেসবুক আইডির নাম ‘একে আবিদ খান’।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার বখতিয়ার আবিদ খানের বাবার নাম আব্দুল খালেক খান এবং মায়ের নাম নাজনীন আক্তার। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকায়। তাকে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
