logo

কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি শেকৃবি ছাত্রদল নেতার

কৃষি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি শেকৃবি ছাত্রদল নেতার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবিরের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রকল্প পরিচালককে (পিডি) চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল কাইয়ূম মজুমদার বর্তমানে ‘ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন।

বুধবার (১১ মার্চ) দুপুরে খামারবাড়িস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রথম ভবনে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ইতোমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর নিজের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ জানিয়ে আবেদন করেছেন। তিনি আবেদনে লেখেন, বুধবার (১১ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে বিএম আলমগীর কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল তার কক্ষে (কক্ষ নং-৭১৭) প্রবেশ করে। তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে জীবননাশের হুমকি প্রদান করে।

আবেদনপত্রে ড. কাইয়ূম মজুমদার উল্লেখ করেন, এমন অবস্থায় চরম নিরাপত্তাহীনতার কারণে অফিসের স্বাভাবিক কার্যক্রম চালানো ব্যাহত হচ্ছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত ছাত্রদল নেতা বিএম আলমগীর কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এশিয়া পোস্ট কে বলেন, উনি অনেক অভিযোগ করেছেন, এমনকি আমি নাকি তাকে মারধরও করেছি। এসবের কোনো প্রমাণ যদি তিনি দিতে পারেন, আমাকে যা করতে বলা হবে আমি তাই করব। কিন্তু তিনি বিএনপিকে নিয়ে বাজে মন্তব্য করায় আমি এর প্রতিবাদ করি। অথচ তিনি নিজে বাঁচতে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন।

তিনি আরও বলেন, ওই পিডি আওয়ামী ফ্যাসিবাদের দোসর। তিনি যে অভিযোগ তুলেছেন সেটি ভিত্তিহীন। এমন কোনো কিছুই ঘটেনি। 

এদিকে ঘটনার পর থেকে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, চব্বিশোত্তর নতুন বাংলাদেশে এ ধরনের চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি খুবই অনাকাঙ্ক্ষিত এবং শাস্তিযোগ্য অপরাধ।