বসুন্ধরায় নির্মাণাধীন ভবনে নিরাপত্তাকর্মীর মরদেহ, শ্বাসরোধে হত্যার অভিযোগ

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের টিনের ছাপরা ঘর থেকে আলমগীর হোসেন (৫২) নামে এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আলমগীর হোসেন নাটোরের বাগাতিপাড়া থানার সাইলকোনা গ্রামের মৃত কলিম উদ্দিন প্রামাণিকের ছেলে। তিনি বসুন্ধরার ওই নির্মাণাধীন ভবনেই বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৮টার দিকে খবর পেয়ে বসুন্ধরা আবাসিক এলাকার ৮/এ রোডের ব্লক-এম, প্লট নম্বর ৩৯৬৮/৩৯৬৯-এর একটি নির্মাণাধীন ভবনের টিনের ছাপরা ঘর থেকে আলমগীরের মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত আলমগীর ওই নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন এবং সেখানেই থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে গলা চেপে এবং শরীরে আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে।
তিনি আরও জানান, নিহতের গলায় আঙুলের ছাপের মতো দাগ, ডান পায়ের হাঁটুর নিচে ক্ষত এবং চিবুকের বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এসব আলামত দেখে তাকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।



