একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগে ২৪ লিটার বিদেশি মদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই ফ্লাইটের ৫ যাত্রীর ব্যাগ থেকে ২৪ লিটার বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল। এসব মদের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে মুম্বাই থেকে ঢাকাগামী এয়ার ইন্ডিয়ার AI2183 ফ্লাইটে আসা ওই পাঁচ যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় তল্লাশি করে এসব মদ পাওয়া যায়।
পরবর্তীতে রাতে কাস্টমস গোয়েন্দারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের সি-শিফটের কর্মকর্তারা ফ্লাইটটির কয়েকজন যাত্রীর ওপর বিশেষ নজরদারি করেন। ফ্লাইটটি সকাল ১০টা ৫৬ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
ইমিগ্রেশন ও ব্যাগেজ সংগ্রহ শেষে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় সন্দেহভাজন যাত্রীদের ব্যাগেজে তল্লাশি চালানো হয়। এ সময় কাসেমের ব্যাগ থেকে ৬ লিটার, এমডি মামুনের ব্যাগ থেকে ১২ লিটার, তপনের ব্যাগ থেকে ৩ লিটার, ফয়সাল মিয়ার ব্যাগ থেকে ২ লিটার এবং সামসুল আলম পলাশের ব্যাগ থেকে ১ লিটার লিকার জব্দ করা হয়।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা জানান, একই রুটের একই ফ্লাইটে একাধিক যাত্রীর ব্যাগে বিপুল পরিমাণ বিদেশি মদ পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, কিংবা যাত্রীদের ব্যবহার করে মদ আনার কোনো নেটওয়ার্ক সক্রিয় আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

