হলি ক্রসে ছাত্রীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্ক, তদন্ত কমিটি গঠন

রাজধানীর তেজগাঁওয়ে হলি ক্রস কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষকের নাম অনিমেষ সাহা। তার বিরুদ্ধে কলেজ প্রশাসনের একটি তদন্ত চলমান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিষ্ঠানটির এক শিক্ষক এশিয়া পোস্টকে জানান, ছাত্রীর সঙ্গে শিক্ষকের অবৈধ সম্পর্কের অভিযোগে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না।
কলেজসূত্র জানায়, অভিযোগ ওঠার পর ওই শিক্ষককে দায়িত্ব থেকে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি নিয়ে হলি ক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজের বক্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। মেসেজ পাঠালেও কোনো উত্তর দেননি।
এদিকে হলি ক্রস কলেজে বর্তমানে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছুদের প্রক্রিয়া চলমান রয়েছে। কলেজটিতে বিবাহিত শিক্ষার্থীদের ভর্তির কোন সুযোগ দেওয়া হয় না। কলেজে পড়া কালীন কেউ বিয়ে করলে তাকেও ছাড়পত্র দেওয়া হয় কলেজ থেকে। এমন পরিস্থিতিতে ছাত্রীর সঙ্গে শিক্ষকের অনৈতিক সম্পর্কের পর তুমুল সমালোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


