যাত্রীর পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
এশিয়া পোস্ট প্রতিবেদক

রাজধানীর কমলাপুর এলাকায় বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মোহাম্মদ রাশেদ (২২) নামে এক ব্যক্তিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন।
সোমবার (২৪ আগস্ট) ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কমলাপুর এলাকায় বলাকা বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করেন রাশেদ। এ সময় কমলাপুর-১ পয়েন্টে দায়িত্বে থাকা ট্রাফিক সার্জেন্ট স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করেন।
পরে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতিঝিল থানায় হস্তান্তর করা হয়েছে।



