logo

পূর্বাচলকে আধুনিক নগরী হিসেবে গড়বে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

পূর্বাচলকে আধুনিক নগরী হিসেবে গড়বে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী

পূর্বাচল নতুন শহর প্রকল্পকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ করতে নির্দেশ দেন তিনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় রাজউক ভবনের বোর্ড সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রী। পূর্বাচল নতুন শহর প্রকল্পের সার্বিক অগ্রগতি, তদারকি ও উন্নয়ন কার্যক্রম পর্যালোচনায় এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রকল্পের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চলমান অবকাঠামো উন্নয়ন, প্লট হস্তান্তর প্রক্রিয়া, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অগ্রগতি এবং সামাজিক অবকাঠামো হিসেবে মসজিদ, হাসপাতাল ও স্কুল নির্মাণের বিষয়টি গুরুত্ব পায়।

প্রতিমন্ত্রী বলেন, পূর্বাচল হবে উন্নত বাংলাদেশের প্রতিচ্ছবি। এখানে পরিবেশসম্মত নগরায়ণ নিশ্চিত করতে হবে। কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কর্মকাণ্ড শেষ করতে হবে।

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রকল্পের বর্তমান চিত্র তুলে ধরা হয়। চেয়ারম্যান জানান, প্রকল্পের গুণগত মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের জন্য রাজউক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে তিনি মাঠ পর্যায়ে তদারকি কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।