logo
Advertisement

কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযানে হেরোইন-গাঁজা-নগদ অর্থ জব্দ, গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট প্রতিবেদক
এশিয়া পোস্ট প্রতিবেদক
কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযানে হেরোইন-গাঁজা-নগদ অর্থ জব্দ, গ্রেপ্তার ৩
কড়াইল বস্তিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২ জন। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)

রাজধানীর বনানী থানাধীন কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে হেরোইন, গাঁজা ও মাদক বিক্রির নগদ অর্থসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মো. আল-আমিন ওরফে সাকিব (২৩), মো. মোজাম্মেল হক (৩২) এবং মো. রাকিব ইসলাম (২৬)।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।

জব্দ করা করা আলামতের মধ্যে রয়েছে, ৫ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির ১৭ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমতে, কালু মিয়ার ভাড়া দেওয়া তিন কক্ষবিশিষ্ট একটি বাসা থেকে অবৈধ মাদকদ্রব্য ও নগদ অর্থ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, জব্দ হওয়া মাদকের প্রকৃত মালিক মো. রাকিব ইসলাম এবং তারা তার পক্ষে মাদক ক্রয়-বিক্রয় কার্যক্রমে সহযোগিতা করতেন।

এর আগে গত ২৯ আগস্ট কড়াইল বস্তিতে অভিযানে তালিকাভুক্ত মাদক কারবারি কবুতর মমিনের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক ও মাদক কারবারে ৪৩ লাখ টাকা নগদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী, বনানী থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, সরকারের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।