রাজধানীতে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের সি-ব্লক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. জালাল উদ্দিন (৩২), মো. নাঈম হাসান ডালিম (৩২), মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) এবং মো. আল-আমিন (৩৫)। তাদের সবার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল ঢাকা উদ্যান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার জালাল উদ্দিন ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের সাবেক ছাত্রলীগ সদস্য। নাঈম হাসান ডালিম হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। মাহমুদুল হাসান মামুন একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আল-আমিন হবিরবাড়ী ৭ নম্বর ওয়ার্ডের সাবেক স্বেচ্ছাসেবক লীগ সদস্য।
পুলিশের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন। একই সঙ্গে ঢাকায় আওয়ামী লীগের মিছিল ও অন্যান্য রাজনৈতিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা ওই এলাকায় অবস্থান করছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার নাঈম হাসান ডালিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে।
পুলিশের নথি অনুযায়ী, ডালিমের বিরুদ্ধে সুনামগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা এবং ময়মনসিংহ কোতোয়ালি মডেল ও ভালুকা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধেও ভালুকা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দণ্ডবিধির পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। ২০২৪ ও ২০২৫ সালে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও অন্যান্য অভিযোগের ধারাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
