logo

জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে পথচারীর মৃত্যু

জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে পথচারীর মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীর জুরাইন ঋষিপাড়া মেইন সড়কে বৃষ্টির পানিতে পড়ে থাকা তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তৈয়ব আলী জানান, দুপুরের দিকে আনোয়ার হোসেন জুরাইন ঋষিপাড়া মেইন সড়ক দিয়ে বৃষ্টির পানির মধ্যে হেঁটে যাওয়ার সময় পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত আনোয়ার হোসেনের পূর্ণাঙ্গ পরিচয় এখনও জানা যায়নি। বিষয়টি জানার চেষ্টা চলছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।