সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে গুলশান ট্রাফিক বিভাগের পোস্ট

প্রতারকচক্র থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে গুলশান ট্রাফিক বিভাগ। শনিবার (১৭ এপ্রিল) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি একটি প্রতারকচক্র ভুয়া মেসেজ প্রেরণের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে এবং জাল ওয়েবসাইটের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সকলকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
‘এ ধরনের কোনো মেসেজ বা অনলাইন লিংকের মাধ্যমে ট্রাফিক সংক্রান্ত জরিমানা আদায় করা হয় না। সড়কে দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট কর্তৃক মামলা হলে সংশ্লিষ্ট মামলার একটি নির্দিষ্ট কেস আইডি প্রদান করা হয়, যার ভিত্তিতে নির্ধারিত পদ্ধতিতে (যেমন: ইউক্যাশ/উপায় অ্যাপের মাধ্যমে) জরিমানা পরিশোধ করা হয়। এ ছাড়া ভিডিও বা ডিজিটাল মামলার ক্ষেত্রেও সংশ্লিষ্ট ট্রাফিক কার্যালয়ে উপস্থিত হয়ে কেস আইডি সংগ্রহপূর্বক নির্ধারিত মাধ্যমে অর্থ পরিশোধ করতে হয়।’
গুলশান ট্রাফিক বিভাগ আরও জানায়, এ ধরনের সন্দেহজনক মেসেজ বা লিংক প্রাপ্ত হলে কোনো অবস্থাতেই তাতে ক্লিক না করতে সবাইকে অনুরোধ করা হলো। সবার সচেতনতা ও সহযোগিতা কাম্য।