হারানো ৫১ মোবাইল মালিকদের হাতে তুলে দিল পুলিশ

রাজধানীর বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা পুলিশ।
বুধবার (২২ এপ্রিল) ডিএমপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় ভুক্তভোগীরা পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এসব জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ১ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা থেকে ৫১টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো গত ২০ এপ্রিল পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়। এ সময় মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, নাগরিকদের হারানো সম্পদ উদ্ধারে পুলিশ নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশের এ উদ্যোগে মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।