logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

শরীরে লুকিয়ে ১৮ স্বর্ণের বার পাচার, দুবাইফেরত যাত্রী আটক

শরীরে লুকিয়ে ১৮ স্বর্ণের বার পাচার, দুবাইফেরত যাত্রী আটক
জব্দ করা স্বর্ণসহ রুহুল আমিন। ছবি: এশিয়া পোস্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরে লুকিয়ে স্বর্ণ পাচারের সময় দুবাইফেরত রুহুল আমিন নামের এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসময় তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। জব্দ করা স্বর্ণের মোট ওজন ২ কেজি ১০৬ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৭৮ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকালে বিমানবন্দরের কাস্টমস হলের গ্রিন চ্যানেল এলাকা থেকে তাকে আটক করা হয়।

Advertisement

সিআইআইডির বরাত দিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেয় সংস্থাটির কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের এফজেড-৫০১ (FZ501) ফ্লাইটের যাত্রী মোহাম্মদ রুহুল আমিনের (পাসপোর্ট নম্বর: B00901521) গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একই সঙ্গে তার সঙ্গে থাকা সব লাগেজ স্ক্যান করা হয়।

শরীরে অবৈধ কোনো পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে ওই যাত্রীকে স্ক্যান করা হলে তার কাছে লুকানো স্বর্ণের বার থাকার কথা স্বীকার করেন তিনি।

পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে তার কাছ থেকে স্কচটেপে মোড়ানো ধাতব বস্তু জব্দ করা হয়। কাস্টমস হলের ইনভেন্টরি টেবিলে সবার সামনে স্কচটেপ খুলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে সিআইআইডি।

নূর মামুন

সম্পাদনা

নূর মামুন

জ্যেষ্ঠ সহসম্পাদক | এশিয়া পোস্ট