ভেজাল মরিচের গুঁড়া তৈরির সময় অভিযান, জরিমানা

রাজধানীর সদরঘাটে মরিচের গুঁড়ায় কৃত্রিম রং মিশিয়ে মসলা তৈরি ও বিক্রির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ভেজাল মসলা তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সদরঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়। অভিযানে কারখানাটিতে মরিচের গুঁড়ার সঙ্গে কৃত্রিম রং মেশানোর চিত্র দেখতে পান কর্মকর্তারা।
পরে ভেজাল মসলা তৈরির অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাসানুজ্জামান।
অভিযান শেষে হাসানুজ্জামান বলেন, ভেজাল প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্যপণ্যে অননুমোদিত রং বা ক্ষতিকর উপাদান ব্যবহার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভোক্তা অধিকার কর্মকর্তা জানান, খাদ্যপণ্যে অননুমোদিত রং মেশানো ভোক্তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ভেজাল ও অনিরাপদ খাদ্যপণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।


