বিদেশি পিস্তল ও ২৫ মোবাইলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, ছিনতাই হওয়া ২৫টি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ক্যামেরাসহ মো. হেলাল মিয়া (৪০) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
পুলিশের দাবি, মো. হেলাল মিয়া দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় বিদেশি পিস্তল ব্যবহার করে ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিলেন।
পুলিশ জানায়, শনিবার রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার নয়ানগর কোকাকোলা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে হেলাল মিয়াকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা একটি বিদেশি পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, বিভিন্ন ব্র্যান্ডের ২৫টি ছিনতাই করা মোবাইল ফোন এবং একটি নষ্ট ডিজিটাল ক্যামেরা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া জানিয়েছেন, পলাতক সহযোগীদের নিয়ে তিনি ভাটারাসহ ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
এ ঘটনায় ভাটারা থানায় অস্ত্র ও ছিনতাইসংক্রান্ত অভিযোগে একটি নিয়মিত মামলা করা হয়েছে। হেলালের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চক্রের অন্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিমের অভিযান চলছে বলে জানিয়েছে ডিএমপি।
.png)





