রাজধানীতে ২৬০০ ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর উত্তরায় ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার আব্দুল্লাহপুরের তাসিন সিএনজি পাম্পের পাশের মহাড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার ঢুলিগাথি গ্রামের আব্দুল সালামের ছেল জসিম উদ্দিন (৩৬), ময়মনসিংহের ফুলপুর উপজলার হাটপাগলা গ্রামের চান মিয়া সরকারের ছেলে ইমান আলী (৩৮) ও মেরিগাই গ্রামের ফুল মাহমুদ মিয়ার ছেলে সামিদুল ইসলাম (১৯)।
এ বিষয়ে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুর এশিয়া পোস্টকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল্লাহপুরে অভিযান চালিয়ে ২৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময় জসিম উদ্দিনের কাছ থেকে ২৫০০ পিস, ইমান আলী ও সামিদুল ইসলামের কাছ থেকে ৫০ পিস করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি খালিদ মুনসুর।