মিরপুরে গার্মেন্টস কর্মীদের আন্দোলন, যান চলাচল ব্যাহত

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে গার্মেন্টস কর্মীদের আন্দোলনের কারণে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে আন্দোলনকে ঘিরে গুরুত্বপূর্ণ এই সড়ক সংযোগস্থলে যানবাহনের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটে।
মিরপুর ট্রাফিক পুলিশ ট্রাফিক এলার্টের এক বার্তায় বলা হয়েছে, বৃহস্পতিবার সর্বশেষ পরিস্থিতিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। তাই এ সড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকদের সম্ভব হলে বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
জানা গেছে, আন্দোলনকারীরা মিরপুর-১০ গোলচত্বর এলাকায় অবস্থান নেওয়ায় বিভিন্ন দিক থেকে আসা যানবাহন আটকে পড়ছে। ফলে মিরপুর-১০ ও আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে কর্মস্থল ও গন্তব্যে যাওয়ার পথে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকেরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ডিসি ট্রাফিক মিরপুরের দিকনির্দেশনায় ট্রাফিক মিরপুর বিভাগের সংশ্লিষ্ট টিম ও স্থানীয় থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।
ট্রাফিক পুলিশ সদস্যরা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি আটকে পড়া যানবাহনগুলোকে পর্যায়ক্রমে চলাচলের সুযোগ করে দিচ্ছেন। একই সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করে যানজট কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মিরপুর-১০ রাজধানীর ব্যস্ততম সড়কসংযোগগুলোর একটি। এ কারণে এখানে যান চলাচল ব্যাহত হলে মিরপুর, পল্লবী, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁওসহ আশপাশের সড়কেও এর প্রভাব পড়তে পারে।
এদিকে আন্দোলনকে কেন্দ্র করে যাতে পরিস্থিতি আরও জটিল না হয় এবং সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ কমে আসে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

