logo

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় রাত প্রায় সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার পরপরই ভবন থেকে সবাই নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। নিয়ন্ত্রণে আনতে আনতে আগুন ভবনের অষ্টম এবং দশম তলায় ছড়িয়ে যায়। পরে রাত ৮টা ১৫ মিনিটের পরপরই আগুন নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। 
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানায় ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় ভবনটির ১১ তলায় থাকা একটি বাসায় অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে সন্ধ্যা পৌনে ৭টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট বারিধারা স্টেশন থেকে পৌঁছায়। এরপর আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সবশেষ আটটি ইউনিটের চেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।